অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে গণধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার এক কলেজছাত্রীকে (২১) অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে চার ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতের এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ চারজনের নামে মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার শিকার ওই ছাত্রী বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। রোববার রাতে তাঁদের বাড়ির পাশে একটি অনুষ্ঠান ছিল। পরিবারের সবাই সেখানে যাওয়ায় তিনি ঘরে একা ছিলেন। এ সুযোগে গ্রামের বাসিন্দা ফরিদ (৩০), হাফিজুলসহ (২৮) চারজন ওই বাড়িতে ঢুকে পড়েন। তাঁরা ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর পাশের একটি জায়গায় নিয়ে ধর্ষণ করেন। তাঁর আর্তচিৎকারে ঘটনাস্থলে এগিয়ে যান এলাকাবাসী। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। পরে এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। গতকাল সোমবার সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় গতকাল দুপুরে ফরিদ ও হাফিজুলের নাম উল্লেখসহ চারজনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করে ওই ছাত্রীর পরিবার। সাঁথিয়া থানার পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে।
পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী। অতীতেও তাঁদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাস তিনেক আগেও ফরিদ ও হাফিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে গ্রাম্য সালিসে তার মীমাংসা হয়।
গতকাল বিকেলে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সবাই আতঙ্কিত। তাঁর বাবা কাঁদতে কাঁদতে বলেন, ‘এখন আমার মেয়ের কী হবে?’
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় শতাধিক গ্রামবাসী জড়ো হয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার দাবি করেন।
এএসপি জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাঁদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।