অস্ত্রের মুখে বাস থেকে ব্যবসায়ী অপহরণ, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে বাস থামিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আল মামুন (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার শাহীন আলীর ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, কানসাট থেকে ছেড়ে আসা একটি বাস গতকাল বিকেল চারটার দিকে মহানন্দা সেতু সংলগ্ন টোলঘরের কাছে এলে ১০-১২ জন সন্ত্রাসী বাস থামায়। তারা অস্ত্রের মুখে বাসযাত্রী শিবগঞ্জের আজমতপুরের ব্যবসায়ী বরজাহান আলীকে (৪৫) বাস থেকে নামিয়ে নেয়। বরজাহান আলীকে একটি অটোরিকশায় উঠিয়ে নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে র্যাব-৫-এর একটি দল রেহাইচর ব্যাংকপাড়া সংলগ্ন আম বাগান থেকে বরজাহান আলীকে উদ্ধার করে। গুলিভর্তি একটি রিভলবারসহ অপহরণকারী মামুনকে গ্রেপ্তার করে র্যাব। অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় বরজাহান আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।