অস্ত্রের মুখে সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকায় অস্ত্রের মুখে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটার পর রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
ওই গৃহবধূর স্বামী বলেন, গত সোমবার সকালে তিনি ঘর থেকে বেরিয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। নয়টার দিকে বখাটে নাছির উদ্দিন ওরফে বিকি তাঁর বাড়িতে যান। এরপর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর স্ত্রীর গলার সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যান ওই বখাটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বখাটে বিকিকে ধরতে অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, চেইন ও কানের দুলের পাশাপাশি ঘরের আলমারি ভেঙে ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যান বিকি।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী দাশ বলেন, দিনের বেলায় অস্ত্রের মুখে সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ বলেন, ঘটনাটি আমরা পুলিশ সুপারকে জানিয়েছি।