অস্ত্রোপচারকক্ষে রোগীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে ১৮ বছর বয়সী এক রোগীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য এক চিকিৎসককে দায়ী করছেন রোগিণীর স্বজনেরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগকে মিথ্যা বলে জানিয়েছে।
ওই নারীর স্বামী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে তীব্র পেটের ব্যথায় অসুস্থ স্ত্রীকে বনশ্রী থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ২২০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। কিছু পরীক্ষার পরে চিকিৎসকেরা জানান, অ্যাপেন্ডিসাইটিসের কারণে এ ব্যথা হচ্ছে, দ্রুত অস্ত্রোপচার করতে হবে। পরে তাঁকে ১০৯ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে রোগিণীকে হাসপাতালের তৃতীয় তলার ৪ নম্বর অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। কিছুক্ষণ পর অস্ত্রোপচারকক্ষ থেকে স্ত্রীর চিত্কার শুনে এগিয়ে যান তিনি। তখন ওই নারী অস্ত্রোপচারকক্ষ থেকে বেরিয়ে এসে স্বামীকে বলেন, চিকিৎসক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। ওই ব্যক্তি বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী ওই চিকিৎসকের নাম তিনি জানেন না। তবে সুশ্রী ও স্বাস্থ্যবান ওই চিকিৎসককে তিনি ও তাঁর স্ত্রী দেখলে চিনবেন। স্ত্রীর অস্ত্রোপচার না করিয়েই তাঁরা বাসায় ফিরে যান।
ওই নারীর স্বামী বলেন, বৃহস্পতিবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দেবেন। যদি কোনো ব্যবস্থা না নেয় কর্তৃপক্ষ, তাহলে মামলা করবেন।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, শ্লীলতাহানির অভিযোগ সত্যি নয়। অভিযোগ পাওয়ার পর তিনি অস্ত্রোপচারকক্ষে গেছেন। ওই কক্ষে ছয়-সাতজন লোক থাকেন। তাঁদের সামনে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। সেখানকার চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, তরুণী চিকিত্সা করাবেন না বলে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ এনে অস্ত্রোপচারকক্ষ থেকে বেরিয়ে যান।