অস্ত্রোপচারে টাকা নেওয়ার অভিযোগ রোগীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী নারীদের অস্ত্রোপচারে বিধিবহির্ভূতভাবে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোগীদের অভিযোগ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মা ও অ্যাপেন্ডিসাইটিস রোগীদের অস্ত্রোপচারসহ আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন অনেক রোগী এখান থেকে সেবা নেন। বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার চিকিৎসক মনিরুজ্জামান একজন অবেদনবিদ হয়ে নিজেই অস্ত্রোপচারগুলো করছেন। বিশেষ করে রাতের দিকে অস্ত্রোপচারগুলো করা হচ্ছে। প্রতিটি অস্ত্রোপচার বাবদ দুই থেকে তিন হাজার টাকা, বিভিন্ন পরীক্ষার ফি ও ওষুধের মূল্যও নেওয়া হচ্ছে। তবে কোনো রসিদ দেওয়া হচ্ছে না।

উপজেলার গান্ধাইল গ্রামের নূপুর খাতুন অভিযোগ করেন, গত মাসে গর্ভবতী অবস্থায় তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যান। সরকারি হাসপাতালে টাকা নেওয়া হয় না বলেই তিনি সেখানে সেবা নিতে গিয়েছিলেন। কিন্তু জরুরি প্রয়োজনে অস্ত্রোপচার করতে হয়। তখন ফি বাবদ দুই হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে টাকা দিয়েই তিনি অস্ত্রোপচার করান।

চিকিৎসক মনিরুজ্জামান বলেন, বেলা দুইটার পর (অফিশিয়াল সময়ের বাইরে) কোনো অস্ত্রোপচার করতে হলে টাকা নেওয়ার নিয়ম রয়েছে। তাছাড়া সার্জন না হয়েও একজন চিকিৎসক অস্ত্রোপচার করতেই পারেন। এতে দোষের কিছু নেই। রসিদ না দেওয়া হলেও আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন এ চিকিৎসক। তিনি আরও বলেন, ‘আমার কিছু সহকর্মী প্রতিহিংসাপরায়ণ হয়ে এমন অপপ্রচার চালাচ্ছেন।’

সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমান বলেন, ‘কোনো সরকারি হাসপাতালেই অস্ত্রোপচার বাবদ টাকা নেওয়ার নিয়ম নেই। শুধু ভর্তি আর কেবিন ফি বাবদ সামান্য টাকা নেওয়া হয়। অস্ত্রোপচারে টাকা নেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’