অস্ত্রোপচারের পর গৃহবধূর মৃত্যু, দেড় লাখ টাকায় রফা!
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) গত বুধবার অস্ত্রোপচারের পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর চালায়। পরে বিষয়টি দেড় লাখ টাকায় সমঝোতা করা হয়।
ওই গৃহবধূর নাম সেলিনা বেগম (৩০)। তিনি শংকরপাশা গ্রামের শামসুর রহমান মোড়লের স্ত্রী। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, ডক্টরস ক্লিনিকের মালিক ও চিকিৎসক আবদুল গফফারের ভুল অস্ত্রোপচারে সেলিনার মৃত্যু হয়েছে।
নিহত সেলিনা বেগমের ভাই শহিদুল ইসলাম গাজী বলেন, সেলিনার মাঝেমধ্যে পেটে ব্যথা হতো। বুধবার সকালে তিনি সরখোলা গ্রামের বাবার বাড়িতে আসেন। ওই দিন পেটে ব্যথা শুরু হলে দুপুরে তাঁকে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের মালিক ও চিকিৎসক আবদুল গফফার পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর জরায়ুতে সমস্যা আছে বলে জানান। এ জন্য তিনি অস্ত্রোপচারের পরামর্শ দেন। বিকেল সাড়ে চারটার দিকে আবদুল গফফার তাঁর অস্ত্রোপচার করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে বিছানায় ফিরিয়ে আনা হয়। এরই মধ্যে তিনি মারা গেছেন।
শহিদুল ইসলাম গাজী আরও বলেন, এরপরও আবদুল গফফার তাঁদের ডেকে দ্রুত সেলিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে স্বজনেরা সেলিনাকে নিয়ে রওনা হন। কিন্তু রোগীর অবস্থা দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা রোগীকে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাত আটটার দিকে কয়েক শ লোক ডক্টরস ক্লিনিকের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ লোকজন এ সময় ক্লিনিকের জানালার কাচ, কেবিনের আসবাবপত্র এবং দুটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর রাতে ডক্টরস ক্লিনিকে বৈঠক বসে। এতে আবদুল গফফার সেলিনার পরিবারকে দেড় লাখ টাকা দিতে রাজি হন।
সেলিনার স্বামী শামসুর রহমান মোড়ল বলেন, ‘গফফার ডাক্তারের ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। মামলা করে তাঁকে আর ফিরে পাব না। ছেলেমেয়েদের কথা বিবেচনা করে দেড় লাখ টাকায় সমঝোতা করা হয়েছে।’
এ ব্যাপারে আবদুল গফফারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে পরে আপনার সঙ্গে কথা বলব।’