অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর
অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর রোগীর স্বজনেরা ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বেসরকারি ক্লিনিকে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
প্রসূতির নাম আনোয়ারা বেগম (২৮)। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের মাহবুব হোসেনের স্ত্রী।
রোগীর স্বজনদের অভিযোগ, রক্তচাপের সমস্যা আছে জেনেও আনোয়ারার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এরপর রোগীর মৃত্যু হলে তাঁরা রোগীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন তাঁর স্বজনদের। রোগী বের করা হলে স্বজনেরা দেখেন, আনোয়ারার শ্বাস-প্রশ্বাস বন্ধ।
এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী সাংবাদিকদের বলেন, প্রসূতি আনোয়ার বেগমের এটি তৃতীয় অস্ত্রোপচার ছিল। তাঁর রক্তচাপে সমস্যাও ছিল। অস্ত্রোপচারের পর রোগীর রক্তচাপ কমে যাওয়ার কারণে তিনি মারা গেছেন। সুন্দর আলী দাবি করেন, ক্লিনিকের তিন-চারজন চিকিৎসক রোগীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এখানে ভুল চিকিৎসা বা চিকিৎসকের কোনো গাফিলতি ছিল না। বিষয়টি ‘মীমাংসা হয়ে গেছে’ বলেও দাবি করেন তিনি। তবে নবজাতক সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
এ ব্যাপারে অস্ত্রোপচারকারী চিকিৎসক শান্তা ত্রিবেদীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
রোগীর স্বজনেরা বলেন, বুধবার বিকেল চারটায় দিকে আনোয়ারা বেগমকে আড়াইহাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় রোগীর রক্তচাপের সমস্যা ধরা পড়ে। এরপরও রাত আটটার দিকে ক্লিনিকের গাইনি চিকিৎসক শান্তা ত্রিবেদী তাঁর অস্ত্রোপচার করেন। এর কিছুক্ষণ পরই চিকিৎসক রোগীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। রোগীকে বের করা হলে স্বজনেরা দেখতে পান, আনোয়ারার শ্বাস-প্রশ্বাস নেই। এর কারণ জানতে চাইলে চিকিৎসক উল্টো তাঁদের ধমক দেন। এ খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে ভাঙচুর ও বিক্ষোভ করেন। এ সময় ভয়ে চিকিৎসকেরা ক্লিনিক ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে আড়াইহাজার থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। কোনো চিকিৎসক তো ইচ্ছে করে রোগী মারেন না। রোগীকে অস্ত্রোপচারের আগে স্বজনেরা কাগজে স্বাক্ষরও দিয়েছেন। আর বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’ তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনেরা নিয়ে গেছেন।
এ বিষয়ে নিহতের স্বামী মাহবুব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।