অস্ত্রোপচারের ২২ দিন পর প্রসূতির মৃত্যু, ভাঙচুর
ঝিনাইদহ সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর সংক্রমণ হয়ে চামেলী খাতুন নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
চামেলীর স্বজনদের অভিযোগ, ঝিনাইদহের ওই হাসপাতালে চিকিৎসার অবহেলার কারণে চামেলীর শরীরে সংক্রমণ হয়। এ কারণে অস্ত্রোপচারের ২২ দিন পর তাঁর মৃত্যু হলো। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গতকাল সকালে ওই বেসরকারি হাসপাতালের মালিকের অন্য একটি প্রতিষ্ঠানে ভাঙচুর করেন।
চামেলী ঝিনাইদহ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আলী আহম্মদের স্ত্রী। তাঁর স্বজনেরা প্রথম আলোকে বলেছেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে চামেলীর প্রসবব্যথা উঠলে বোড়াই ত্রিমোহনীতে অবস্থিত মুন্সি শামিম রেজার মালিকানাধীন নিউ ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয়। এক সপ্তাহ পর ক্লিনিক কর্তৃপক্ষ চামেলীকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু বাড়ি যাওয়ার পর চামেলীর অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। একপর্যায়ে তাঁকে ঝিনাইদহের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানের চিকিৎসকেরা তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেলে প্রায় ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে চামেলীর মৃত্যু হয়।
চামেলীর স্বামী আলী আহম্মদের অভিযোগ, রাজশাহীতে নিয়ে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে তাঁর স্ত্রীর পেটের ভেতর থেকে ব্যান্ডেজ উদ্ধার করেছেন চিকিৎসকেরা। যে কারণে তাঁর স্ত্রী সংক্রমণের শিকার হন এবং এতেই চামেলীর মৃত্যু হয়। তিনি বলেন, চামেলীর মৃত্যুতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে মিছিল করেন। এই অবহেলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। তা ছাড়া একই মালিকের নারায়ণপুর ত্রিমোহনীতে অবস্থিত ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করেন। তিনি এ-ও বলেন, তাঁর স্ত্রীর লাশ দাফনের পর মামলা করতে পারেন।
একাধিকবার চেষ্টা করেও হাসপাতালের মালিক মুন্সি শামিম রেজার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে অস্ত্রোপচার করা চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, সংক্রমণ হয়ে চামেলীর মৃত্যু হয়। তিনি বলেন, তাঁদের এখানে অস্ত্রোপচারের পর সুস্থ হলে চামেলীকে বাড়ি পাঠানো হয়। কিন্তু বাড়িতে যাওয়ার পর তাঁর শরীরে সংক্রমণ হয়।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আকতারুজ্জামান বলেছেন, চামেলীর দ্বিতীয় দফা অস্ত্রোপচারের সময় তিনি উপস্থিত ছিলেন। ব্যান্ডেজ উদ্ধারের অভিযোগ সঠিক নয়। সংক্রমণের কারণে পুঁজ জমে গিয়েছিল। এ কারণে পরে তাঁর মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।