অস্ত্রোপচার বন্ধ পাঁচ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ওয়ার্ডে স্থান না হওয়ায় এক কিশোরী রোগী বারান্দায় শয্যা পেয়েছে। পাশে এক নারীর জায়গা হয়েছে মেঝেতে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
মহিলা ওয়ার্ডে স্থান না হওয়ায় এক কিশোরী রোগী বারান্দায় শয্যা পেয়েছে। পাশে এক নারীর জায়গা হয়েছে মেঝেতে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক, নার্স, যন্ত্রপাতি, ওষুধ, অ্যাম্বুলেন্স ও অবকাঠামোর অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এখানে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ ৪৫টি পদ শূন্য রয়েছে। পাঁচ বছর ধরে এখানে সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিনা আখতার বেগম গত রোববার বলেন, ৫০ শয্যার এই হাসপাতালে ২৯ চিকিৎসকের স্থলে কর্মরত আছেন ১৫ জন। ২০ জন নার্সের স্থলে কাজকরছেন ছয়জন। অথচ উপজেলার নয়টি ইউনিয়ন ছাড়াও সদর উপজেলার বুধল, মজলিশপুর ও নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার বড় ভরসা এই হাসপাতাল।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), চক্ষু, চর্ম, দন্ত, নাক-কান-গলা, হৃদ্‌রোগ, মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ (কনসালট্যান্ট) নেই। একটি আধুনিক অস্ত্রোপচারকক্ষ (ওটি) থাকলেও অবেদনবিদ, সার্জন ও ব্লাড ব্যাংকের অভাবে পাঁচ বছর ধরে সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ রয়েছে। নষ্ট হওয়ার উপক্রম হয়েছে অস্ত্রোপচারকক্ষের যন্ত্রপাতি। প্রায় ৪০ বছরের পুরোনো এক্স-রে যন্ত্রটি বছরের অধিকাংশ সময় নষ্ট থাকে। নেই কোনো আলট্রাসনোগ্রাম যন্ত্র। ফলে দরিদ্র রোগীদের বেশি টাকা ব্যয়ে বাইরে থেকে রোগ নির্ণয় করাতে হচ্ছে।
চালক থাকলেও ১০ বছর ধরে হাসপাতালের অ্যাম্বুলেন্স নেই। কাগজপত্রে ৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে ৩৫টি শয্যারয়েছে। শয্যার অভাবে নারী ও শিশু রোগীদের আশ্রয় নিতে হয় মেঝে বা বারান্দায়। নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা (জেনারেটর)। বিদ্যুৎ চলে গেলে সন্ধ্যার পর মোমবাতিই ভরসা।

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনেক চিকিৎসকইবসবাস করছেন না। ফলে আবাসিক ভবনের বেশির ভাগ বাসা খালি পড়ে আছে। রয়েছে বিভিন্ন ক্লিনিকের দালালদের দৌরাত্ম্যও।

এখানে কর্মরত নার্স জেবুন্নেসা বলেন, ‘সব সামলাতে গিয়ে ওপরে-নিচে দৌড়াতে হয়। সারাক্ষণ হাসপাতালে অবস্থান করেও কুলাতে পারছি না।’

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান ও আনাস ইবনে মালেক বলেন, ‘এখানে বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী আসে। কিন্তু এখানে নেই কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ। এতে পরিপূর্ণ চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।’

এখানে কী কী ওষুধ আছে? এমন প্রশ্নের জবাবে ভান্ডাররক্ষক মো. ইসমাইল মিয়া বলেন, এখানে প্যারাসিটামল, কিছু স্যালাইন ও ভিটামিন বি কমপ্লেক্স ছাড়া আর কিছু নেই। এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

হাসিনা আখতার বেগম হাসপাতালের নার্স, অ্যাম্বুলেন্স ও যন্ত্রপাতি-সংকটের সত্যতা স্বীকার করে বলেন, ‘এসব সমস্যার কথা স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশা করি শিগগিরই সমাধান হবে।’ আর হাসপাতালে ৫০ শয্যার অবকাঠামোর অভাব রয়েছে।