কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মহেশখালিয়াপাড়া গ্রামের আবুল কালাম ও বেলুজা খাতুনের ছেলে আয়াত উল্লাহ। পায়ুপথ ছাড়াই জন্ম হয় তার। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না তার বাবা-মা। বিষয়টি জানতে পেরে আয়াতের পাশে এসে দাঁড়ান টেকনাফের ছয় সাংবাদিক। তার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন তাঁরা। পরে গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়াতের অস্ত্রোপচার করা হয়।
এই ছয় সাংবাদিক হলেন গিয়াস উদ্দিন, আবদুল্লাহ মনির, সাইফুল ইসলাম সাইফী, জেড করিম জিয়া, আবদুর রহমান ও আবুল আলী। তাঁরা ‘অসহায়দের পাশে আমরা ৬ জন’ নামের একটি সংগঠন করে শিশু আয়াত উল্লাহর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন।
সাংবাদিকেরা জানান, তাঁরা ফেসবুক ও গণমাধ্যমে আয়াতের জন্য অর্থসহায়তা চান। এ জন্য আয়াতের বাবার নামে ব্যাংক হিসাব খোলা হয়। এরপর থেকে দেশ-বিদেশ থেকে দানশীল ব্যক্তিরা ওই ব্যাংক হিসাবে ২ লক্ষাধিক টাকা জমা দেন। পরে আয়াতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসায় গঠিত হয় মেডিকেল বোর্ড। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত বুধবার অস্ত্রোপচারের দিন ঠিক করেন চিকিৎসকেরা।
শিশু আয়াত উল্লাহর বাবা আবুল কালাম বলেন, বুধবার সকাল ১০টা থেকে তাঁর ছেলের অস্ত্রোপচার শুরু হয়। চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তিনি জানান, চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে।
আয়াতের মা বেলুজা খাতুন বলেন, ‘আমার সন্তান শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শে আগামী কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’ তাঁর ছেলের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য ‘অসহায়দের পাশে আমরা ৬ জন’ সংগঠন ও আর্থিক সহায়তা দেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।