অস্ত্র-মাদক বহনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র ও মাদক বহনের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন নঈমুল হক, আবদুর রহিম, মোসলেম উদ্দিন ও মো. ফারুক। গত সোমবার রাতে নগরের অক্সিজেনে অনন্যা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ।
নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে টহল পুলিশ অক্সিজেন এলাকায় একটি মাইক্রোবাসকে ধাওয়া করে। গাড়িটি অনন্যা আবাসিক এলাকার দিকে পালিয়ে যেতে থাকলে পুলিশ সেটি আটক করে। এ সময় গাড়িতে থাকা চার যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি শটগান, ২০টি কার্তুজ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) খান শরিফুল ইসলাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নঈমুল হকের খালাতো ভাই এম আই চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্র দিয়ে তাঁদের ফাঁসানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি।