অস্ত্র-মাদকসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে গত রোববার রাতে পুলিশ অস্ত্র, গুলি, মাদকসহ ইনছান আলী (৩২) নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।

তিনি শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার জোড়া মণ্ডলপাড়া গ্রামে।

বগুড়া গোয়েন্দা পুলিশের এসআই আলমগীর হোসেন গতকাল সোমবার শাজাহানপুর থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেছেন। গতকালই আদালতে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি হবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে শাজাহানপুর থানার কইগাড়ি ফাঁড়ির পুলিশ নিয়ে জেলা ডিবির একটি দল উপজেলার রানীরহাটে একটি সিমেন্টের খুঁটির কারখানায় অভিযান চালায়।