ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি পশু জবাইখানায় দৈনিক চার শ পশু জবাই করা যায়। অথচ ডিএনসিসি এলাকায় দৈনিক দুই হাজারের বেশি পশু জবাই হচ্ছে। মাংস ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে অস্বাস্থ্যকর পরিবেশে অধিকাংশ পশু জবাইয়ের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
এদিকে বিদেশি দাতা সংস্থার অর্থায়নে মহাখালীতে ডিএনসিসির একটি নতুন পশু জবাইখানা কাজ শুরুর জন্য প্রস্তুত হলেও তা চালু হচ্ছে না। তিন মাস ধরে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে জবাইখানায় পানি ও বিদ্যুৎ–সংযোগ দিতে ডিএনসিসির প্রকৌশল বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
ডিএনসিসি সূত্রে জানা যায়, আগে ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় চারটি পশু জবাইখানা ছিল। দুটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে দুটি জবাইখানা চালু আছে। এই দুটি জবাইখানার দৈনিক পশু জবাইয়ের সক্ষমতা তিন শর মতো। ডিএনসিসির পাঁচটি অঞ্চলে গরু, ছাগল, মহিষ ও ভেড়া জবাই হয় দুই হাজারের মতো।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভেতরে এবং মিরপুর ১১ নম্বরে নিউ সোসাইটি মার্কেটের ভেতরের জবাইখানায় একজন পশু চিকিৎসক, মাওলানা, পরিদর্শক, সিলম্যান ও পরিচ্ছন্নতাকর্মী আছেন। সিটি করপোরেশন প্রতি গরু জবাই করতে ৫০ টাকা, মহিষের জন্য ৭৫ টাকা, ছাগল বা ভেড়ার জন্য ১০ টাকা করে নিয়ে থাকে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১তে বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানার বাইরে যত্রতত্র পশু জবাই করতে পারবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারী ব্যক্তির বিচার হবে। অপরাধ প্রমাণিত হলে অনূর্ধ্ব এক বছর বিনা শ্রম কারাদণ্ড অথবা ন্যূনতম ৫ হাজার এবং অনূর্ধ্ব ২৫ হাজার টাকা আর্থিক দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
কিন্তু প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যসম্মত পশু জবাইখানা না থাকায় ডিএনসিসি যত্রতত্র পশু জবাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, যথেষ্ট পরিমাণ জবাইখানা না থাকায় অসুস্থ, মৃত পশু জবাই করা হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া যায় না। ব্যবসায়ীরা যত্রতত্র জবাই করছেন। ডিএনসিসি অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ দেখা যায় না।
ডিএনসিসি সূত্রে জানা যায়, স্বাস্থ্যসম্মত পশু জবাইখানার চাহিদার কথা মাথায় রেখে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মহাখালী কাঁচাবাজার–সংলগ্ন স্থানে একটি পশু জবাইখানা বানিয়েছে ডিএনসিসি। তিন হাজার বর্গফুটের এই জবাইখানায় দৈনিক ১৫০টি গরু বা মহিষ এবং ৫০০টি ছাগল বা ভেড়া জবাইয়ের সুবিধা আছে।
মহাখালীর এই পশু জবাইখানায় পশু বিশ্রামাগার, বায়োগ্যাস প্ল্যান্ট, বৃষ্টির পানি সংগ্রহ, সৌরবিদ্যুৎ, বর্জ্য ও রক্ত সংগ্রহ এবং ব্যবস্থাপনা সুবিধা, চামড়া, শিং, হাড় সংগ্রহ ও ব্যবস্থাপনা, যন্ত্রাংশ জীবাণুমুক্ত করার জন্য পানি গরম করার ব্যবস্থা রয়েছে। এই জবাইখানা চালু হলে ডিএনসিসি এলাকায় স্বাস্থ্যসম্মত পশু জবাইয়ের সংখ্যা কিছুটা হলেও বাড়বে। বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় তিন মাস আগেও জবাইখানাটি চালু করা যায়নি। এই বিষয়ে ব্যবস্থা নিতে গত মাসে তৃতীয়বারের মতো ডিএনসিসির প্রকৌশল বিভাগকে তাগাদাপত্র দেওয়া হয়েছে। ডিএনসিসির ভেটেরিনারি কর্মকর্তা রিজভী আহমেদ প্রথম আলোকে বলেন, পানি ও বিদ্যুৎ–সংযোগের জন্য প্রকৌশল বিভাগকে বলা হয়েছে। সংযোগ পেলেই জবাইখানাটি চালু করা হবে।
ডিএনসিসি ২০১৫-১৬ অর্থবছরে পশু জবাইখানা নির্মাণ বাবদ দুই কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সংশোধিত বাজেটে দেখা যায়, বরাদ্দের এক টাকাও খরচ করা হয়নি। এই অর্থবছরের জন্য ঘোষিত ডিএনসিসির বাজেটে পশু জবাইখানা নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রতিবারই এমন বরাদ্দ থাকলেও স্বাস্থ্যসম্মত পশু জবাইখানা নির্মাণের উদ্যোগ না নেওয়ায় তা কাজে লাগছে না।