অহেতুক সেতু নির্মাণ করে সরকারি অর্থের অপচয়?

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া খালে একটি সেতু নির্মাণ করা হয়েছে। এর সংযোগ সড়ক নেই। সেতুটি গ্রামবাসীর কোনো কাজে আসে না। এটি নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলে এলাকাবাসী মনে করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ষোলপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির কাছে ষোলপাড়া খালের ওপর ২০১১ সালের জুন মাসে জেলা পরিষদ ওই পাকা সেতু নির্মাণ করে। এতে ছয় লাখ টাকা ব্যয় হয়। সেতুটির উত্তর দিকে গাজী জুয়েল হোসেনের বাগানবাড়ি। তাঁর পৈতৃক বাড়ি পৌরসভার গোবিন্দপুর গ্রামে। বর্ষাকালে তিনি মই বেয়ে ওই সেতুতে ওঠেন। এরপর বাগানবাড়িতে যান। এ সেতু ব্যবহার করে এলাকাবাসীর কোথাও যাতায়াত করার সুযোগ নেই। সেতুটি শুধু শুধু পড়ে আছে। নির্মাণের সময় গাজী জুয়েল প্রচার করেন, তাঁর নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু পরে গ্রামের লোকজন জানতে পারে এতে জেলা পরিষদ অর্থায়ন করেছে।
গতকাল রোববার জানতে চাইলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, একজন ব্যক্তির নিজস্ব ভূমিতে আসা-যাওয়ার জন্য এভাবে সরকারি অর্থের অপচয় করা বিরল ঘটনা। সরকারের উচিত ঘটনাটি তদন্ত করে জেলা পরিষদের তৎকালীন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
ষোলপাড়া গ্রামের মজিবুর রহমান বলেন, ‘একটি নির্জন বাগানের ভেতরে এভাবে সরকারের অর্থ অপচয় করার এ ঘটনা তদন্ত করার জন্য গত ডিসেম্বরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
গাজী জুয়েল হোসেন বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য আমরা জেলা পরিষদকে অনুরোধ করেছিলাম, এটি সত্য। একটি সেতু নির্মাণ করা হলে কারও না কারও তো উপকার হয়। সেতুটি শুধু আমার একার ব্যবহারের জন্য নয়।’
ইউএনও শাহীনুর ইসলাম বলেন, তিনি সম্প্রতি এখানে এসেছেন। সেতুর বিষয়টি তাঁর জানা নেই।
জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।