অ্যাটর্নি জেনারেলকে ফের হত্যার হুমকি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবির আহমেদ আজ সোমবার বিকেলে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকির বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
জিডির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে মজলু নামের এক ব্যক্তি এই হুমকি দেন। হুমকিদাতাকে খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।
এ নিয়ে অ্যাটর্নি জেনারেলকে তিন বার হত্যার হুমকি দেওয়া হলো। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়। প্রথম দফায় জিডি তদন্ত করেন শাহবাগ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ জলিল। তিনি কাউকে চিহ্নিত করতে পারেননি। পরবর্তী সময়ে তদন্ত করেন শাহবাগ থানার বর্তমান পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস। দীর্ঘদিন তদন্ত করে গত বছরের ১৭ অক্টোবর আদালতে প্রতিবেদন দিয়ে তিনি জানান, ‘তদন্তকালে হুমকিদাতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করা যায়নি।’
এ ছাড়া গত বছরের ৯ আগস্ট আবার অ্যাটর্নি জেনারেলকে হুমকি দেওয়া হয়। ওই ঘটনায়ও শাহবাগ থানায় জিডি করা হয়।