অ্যাপস ব্যবহার করে প্রতারণা তিন বিদেশিসহ গ্রেপ্তার ৫
ফেসবুকসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়া তিন বিদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল বুধবার রাজধানীর গুলশানের নিকেতন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজন নাইজেরিয়ার নাগরিক। তাঁরা হলেন ইজুচিউ ফ্রাংকিন (৩০), ওভি হেনরি (৩৪) ও আইকে ফ্লেক্স (৩৫)। গ্রেপ্তার দুই বাংলাদেশি হলেন মোহাম্মদ আলী (৩০) ও মঞ্জুর মাহমুদ (৩১)। র্যা ব বলেছে, গ্রেপ্তারকৃতরা ফেসবুক, ভাইবার, ইমোসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আর্থিকভাবে সচ্ছল নাগরিকদের সঙ্গে অভিনব কৌশলে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে গতকাল র্যা ব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃতদের ফেসবুক, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডি বিশ্লেষণ করে দেখা গেছে যে তাঁরা আন্তর্জাতিক প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে ৫৩ হাজার ১১ টাকা, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ব্লাঙ্ক চেক, ক্রেডিট কার্ড এবং কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মুফতি মাহমুদ বলেন, এই চক্রের সদস্য সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত একজন চিকিৎসকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে সখ্য গড়েন। ডেসমন বি সাম্যুয়েল নামের এক ব্রিটিশ নাগরিকের সঙ্গে ওই চিকিৎসকের বন্ধুত্ব হয়। তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়। বন্ধুত্বের সূত্রে সাম্যুয়েল তাঁকে যুক্তরাজ্য থেকে কিছু উপহার পাঠানোর কথা জানান। ১০ ফেব্রুয়ারি মিনরো ট্রেড ইন্টারন্যাশনাল নামের কুরিয়ার সার্ভিসের একজন প্রতিনিধি মুঠোফোনে ওই চিকিৎসককে উপহার আসার কথা জানান। ওই প্রতিনিধি তাঁকে পরিবহন ব্যয় ৫৬ হাজার ৫৬৬ টাকা পরিশোধ করতে হবে জানালে তিনি ১১ ফেব্রুয়ারি একটি ব্যাংকের উত্তরা শাখায় টাকা পাঠান। ১৩ ফেব্রুয়ারি ওই প্রতিনিধি ফোন করে জানান, ওই বক্সে দুই কোটি টাকা মূল্যের হীরার গয়না আছে। কাস্টমস ছাড়পত্রের জন্য ২ লাখ ৬২ হাজার ৯০০ টাকা চাইলে তিনি পরদিন অপর একটি ব্যাংক হিসাবে টাকা পাঠান। ১৪ ফেব্রুয়ারি বিকেলে আরও ১০ লাখ ৮৩ হাজার টাকা চাইলে চিকিৎসকের সন্দেহ হয় এবং বিষয়টি তিনি র্যা ব-২-এ জানান।
র্যা বের ওই কর্মকর্তা বলেন, র্যা ব-২-এর একটি দল বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রথমে ওই দুই ব্যাংক হিসাবধারী মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদকে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী নিকেতনের একটি বাড়ি থেকে তিন নাইজেরীয়কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, নাইজেরিয়ার নাগরিকেরা ২০১৩ সালে মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদের সঙ্গে যৌথভাবে গার্মেন্টস পণ্যের ব্যবসা শুরু করেন। ব্যবসার পাশাপাশি প্রতারণার মাধ্যমে পাওয়া টাকা মোহাম্মদ আলীকে ৫ শতাংশ ও মঞ্জুর আহমেদকে ৫ শতাংশ হারে কমিশন দেওয়া হতো।