অ্যাপে মাদক এলএসডির কারবার
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে মাদক এলএসডির (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) কারবারে জড়িত অভিযোগে মোহাম্মদ রায়হান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর কদমতলী এলাকা থেকে গত শনিবার রায়হানকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর নজর এড়াতে মুঠোফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে এই মাদকের কারবার চালাতেন তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০–এর অধিনায়ক মাহফুজুর রহমান। তিনি বলেন, নতুন নতুন পন্থা অবলম্বন করে মাদক কেনাবেচা চলছে। বাংলাদেশে প্রচলিত নয় কিন্তু বিভিন্ন উন্নত দেশে প্রচলিত এমন কিছু মাদকের ব্যবহার বাংলাদেশে দেখা যাচ্ছে। আমাদের যুবসমাজ এ মাদকে আসক্ত হচ্ছে। এ ধরনের মাদক উদ্ধারে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।
রায়হানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব বলেছে, গ্রেপ্তার যুবক গত ২২ মার্চ সপরিবার দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন। দেশে আসার সময় তাঁর ব্যাগে একটি নোটবুকের ভেতর অভিনব কায়দায় এলএসডি মাদক নিয়ে আসেন। তাঁর মুঠোফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দক্ষিণ আফ্রিকার একটি নম্বর দিয়ে নিবন্ধন করা। বাংলাদেশে তিনি অন্য একটি ফোনের হটস্পট মাধ্যম ব্যবহার করে এ অ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক কারবারির সঙ্গে যোগাযোগ করতেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযানের সময় রায়হানের কাছ থেকে এলএসডি মেশানো ৯৬টি রঙিন প্রিন্টেড পেপার স্ট্রিপ, তিনটি ক্রেডিট কার্ড, দুটি ডেবিট কার্ড, একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, একটি দক্ষিণ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স, একটি বাংলাদেশি পাসপোর্ট ও একটি নোটবুক জব্দ করা হয়।