অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই হাসপাতালের ফার্মেসিতে অনুমোদনহীন বিদেশি ওষুধ থাকায় এই জরিমানা করা হয় বলে আজ মঙ্গলবার র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনবিহীন ও ভেজাল ওষুধ আছে—এমন গোপন খবরের ভিত্তিতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একটি দল আজ মঙ্গলবার ঢাকার বসুন্ধরা এলাকার অ্যাপোলো হাসপাতালে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের ফার্মেসিতে প্রায় দশ লাখ টাকা মূল্যমানের অনুমোদনবিহীন নিম্নমানের বিদেশি ওষুধ পান। অভিযানের সময় প্রায় ৫১ ধরনের ওষুধ জব্দ করা হয়। জনস্বাস্থ্যের জন্য হুমকি এসব ওষুধ বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ও ৪১ ধারা মোতাবেক ওই জরিমানা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।