অ্যাম্বুলেন্স আটক করায় এসআইকে জনতার মারধর
গাজীপুরের টঙ্গীতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চালককে মারধরের জের ধরে জনতার রোষানলে পড়েন থানার এক উপপরিদর্শক (এসআই)। এ সময় এসআইকে মারধর করেন স্থানীয় জনতা। গত শনিবার রাত নয়টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ও অ্যাম্বুলেন্সের চালক সাবের হোসেন বলেন, ওই দিন রাত আটটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন মুমূর্ষু রোগীকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। রাত নয়টার দিকে রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় তিনি টঙ্গীর কলেজ গেট এলাকায় রোগীর স্বজনদের অনুরোধে উল্টো পথে গাড়ি চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি চেরাগ আলী মার্কেটের কাছে পৌঁছালে টঙ্গী থানার এসআই বিল্লাল হোসেন অ্যাম্বুলেন্সটি থামান। এরপর তাঁকে (সাবের হোসেন) অকথ্য ভাষায় বকাঝকা করেন বিল্লাল হোসেন। তর্কবিতর্কের একপর্যায়ে তাঁকে পিস্তলের ভয় দেখিয়ে অ্যাম্বুলেন্স থেকে শার্টের কলার ধরে টেনে নামিয়ে বেধড়ক মারধর করেন তিনি। এ সময় রোগীর অবস্থা খারাপ হতে থাকায় স্থানীয় জনতা এগিয়ে আসেন।
পরে জনতা উত্তেজিত হয়ে এসআইকে মারধর করতে থাকেন। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআইকে উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তিনি (চালক) অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার দিকে চলে যান। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে ওই সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
জানতে চাইলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।