অ্যাম্বুলেন্স আটকে ভিসির জন্য ফেরির অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিট। ঘটনাস্থল মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট। রোগী নিয়ে অপেক্ষমাণ দুটি অ্যাম্বুলেন্স। কারণ একটাই, ভিআইপি আসার আগে কোনো যানবাহন ফেরিতে উঠতে পারবে না। প্রায় দেড় ঘণ্টা পর ভিআইপি এলে অ্যাম্বুলেন্স দুটিকে ফেরিতে তোলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের কাওড়াকান্দি ঘাটে রোগী নিয়ে দুটি অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্স দুটির গন্তব্য ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এ সময় ঘাটে কুসুমকলি নামে একটি ফেরি ছিল। ফেরিতে উঠতে চাইলে অ্যাম্বুলেন্স দুটিকে বাধা দেয় ঘাট কর্তৃপক্ষ। তারা জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব আসার পরই ফেরি ছাড়া হবে। এদিকে ভিসির অপেক্ষায় অ্যাম্বুলেন্স দুটিকে বসে থাকতে হয়। বেলা ২টা ১০ মিনিটে ভিসির গাড়ি ওঠার পর ফেরিতে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি উঠতে দেওয়া হয়।
অ্যাম্বুলেন্সে দুটির একটি খুলনা থেকে আসে। খুলনার অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন পঞ্চানন রায় বলেন, ‘রোগী নিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘাটে আসি। রোগীকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে—এ কথা বলার পরও কর্তৃপক্ষ ফেরিতে উঠতে দেয়নি। এক ঘণ্টা পর বরিশাল থেকে ভিআইপি আসার পর ফেরি ছাড়বে বলে ঘাটের লোকজন জানান।’
বেলা ২টা ৫ মিনিটে কাওড়াকান্দি ঘাট বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘১০ মিনিটের মধ্যে ভিসি সাহেব চলে আসবেন বলে আমাদের জানিয়েছেন। তাঁর আসার পর সঙ্গে সঙ্গে ফেরি ছেড়ে দেব।’ বেলা সোয়া দুইটায় আব্দুস সালাম বলেন, ‘ভিসি সাহেব চলে এসেছেন, এখন আমরা ফেরি ছেড়ে দিচ্ছি।’
এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।