অ্যাম্বুলেন্স না থাকায় হামলা, চিকিৎসকসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স না থাকার চরম মূল্য দিতে হয়েছে কর্তৃপক্ষকে। আহত এক রোগীকে দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিলেন স্বজনেরা। কিন্তু তা দিতে না পারায় তাঁরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এতে দুই চিকিৎসকসহ চারজন আহত হন।
গত সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।
জরুরি বিভাগের চিকিৎসক শওকত মাহমুদ জানান, সোমবার রাত সাড়ে ১০টায় চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ি এলাকার ২০-২৫ জন মানুষ সড়ক দুর্ঘটনায় আহত শামীম হোসেনকে জরুরি বিভাগে নিয়ে আসেন। ওই সময় সেখানে কর্মরত চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। রোগীর স্বজনেরা চিকিৎসকদের কাছে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দাবি করেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সই তিন মাস ধরে বিকল থাকায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আনার পরামর্শ দেন।
এ নিয়ে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে রোগীর স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগের আসবাব ও চিকিৎসার সরঞ্জাম ভাঙচুর করেন। তাঁদের হামলায় চিকিৎসা কর্মকর্তা শওকত মাহমুদ ও মেজবাহ উদ্দিন এবং স্বাস্থ্য সহকারী শ্রীবাস চন্দ্র সরকার ও প্রহরী মাসুদ উদ্দিন আহত হন। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম চৌধুরী মামলা করেন। মামলায় চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের মিজানুর রহমান ও শাকিল নামের দুই ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়। এ ব্যাপারে আসামি মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া যায়। শাকিলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ওই ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল কর্মবিরতি পালন করেন। দুপুরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করেছি। ইউএনও মহোদয়ের অনুরোধে দুপুরে জরুরি বিভাগ খুলে দেওয়া হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাবেন।’