অ্যাম্বুলেন্সও যেতে দিচ্ছে না আন্দোলনকারীরা

গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই সংবাদকর্মীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। টার্মিনালের পূর্ব ও পশ্চিম পাশে কয়েক শ মানুষ আটকা পড়েছেন। রাস্তা বন্ধ থাকায় তাঁরা গন্তব্যে পৌঁছতে পারছেন না।
অভিযোগ উঠেছে, আন্দোলনকারী টার্মিনালের সামনের সড়ক দিয়ে অ্যাম্বুলেন্সসহ কোনো যানবাহনই চলতে দিচ্ছেন না। রোগীসহ একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরেরও ঘটনা ঘটেছে।
টার্মিনালের সামনের সড়কে আটকে থাকা একটি অ্যাম্বুলেন্সের চালক মো. শাহীন প্রথম আলোকে বলেন, এক রোগীকে নিয়ে তিনি যশোর যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে গাবতলী টার্মিনালের সামনে আসলে পরিবহন শ্রমিকেরা অ্যাম্বুলেন্স আটকে দেন। এ সময় তারা অ্যাম্বুলেন্সের পেছনের কাচ ভেঙে ফেলেন।
অ্যাম্বুলেন্সের রোগী প্রথম আলোকে বলেন, ভাঙা পায়ের চিকিৎসার জন্য তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন। সাময়িক চিকিৎসা শেষে ব্যান্ডেজ করা পা নিয়ে যশোর যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্স ভাঙচুরের কারণে তিনি আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, পুলিশও নিরাপত্তা দিতে পারছে না। র্যাবের একটি গাড়ির পেছন পেছন পর্বত সিনেমা হলের সামনে পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু আর সামনে এগোতে পারেননি।
পুলিশ-শ্রমিক সংঘর্ষে পুলিশের তিন কনস্টেবল আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন—অনীক চক্রবর্তী, মিজু আহমেদ ও রবিউল ইসলাম। এ ছাড়া সংঘর্ষের সময় পুলিশের ছররা গুলিতে রবিউল নামে এক পথচারীও আহত হয়েছেন। শ্রমিকদের মধ্যে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে শ্রমিকদের রোষানলে পড়েন সংবাদকর্মীরা। তাঁরা বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ডিবিসি নিউজের দুই সংবাদকর্মীকে মারধর করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব সদস্যরাও যোগ দিয়েছেন পুলিশের সঙ্গে।
আটকা পড়েছেন মানুষ
এদিকে পরিবহন শ্রমিকেরা সড়ক অবরুদ্ধ করে রাখায় টার্মিনালের পূর্ব ও পশ্চিম প্রান্তে কয়েকশ মানুষ আটকা পরেছেন। পূর্ব প্রান্তে আটকা পড়া হামিদুল ইসলাম নামে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তিনি সাভারে থাকেন, নিউমার্কেটে তাঁর দোকান আছে। মঙ্গলবার মার্কেটে সাপ্তাহিক বন্ধ ছিল। কিন্তু জরুরি প্রয়োজনে তিনি দোকানে এসেছিলেন। রাস্তা বন্ধ থাকায় বাসায় ফিরতে পারছেন না। আবার আমিন বাজারের প্রান্তে ঢাকা থেকে সাভারের দিকে যাওয়া অনেকেই আর ফিরতে পারছেন না। তাঁরা উৎকণ্ঠা নিয়ে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় আছেন।