অ্যাম্বুলেন্সচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের চার দিন পর গত সোমবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর শামুড়বাড়ি থেকে আলফ্রেড মারান্ডি নামের এক অ্যাম্বুলেন্সচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আলফ্রেড (৩৫) ঢাকার তেজগাঁওয়ের গ্রিন রোডে খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড কোম্পানির অ্যাম্বুলেন্সচালক। তাঁর স্ত্রী গোপালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাকরি করেন। বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার বকশিপাড়ায়। তিনি গত ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থেকে গোপালগঞ্জের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। রাত পৌনে ১১টার দিকে তাঁর স্ত্রী হান্না বাড়ৈর সঙ্গে মুঠোফোনে কথা হলে আলফ্রেড জানান, তিনি শিমুলিয়া ঘাট থেকে ফেরিতে উঠেছেন। এর প্রায় দুই ঘণ্টা পর রিং করে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি তাঁর কোম্পানির পক্ষ থেকে তেজগাঁও থানায় জিডি করা হয়।
পুলিশ সোমবার রাতে লাশটি উদ্ধার করে। তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও গাড়ির চাবি পাওয়া যায়। এরপর হান্না বাড়ৈর লাশটি তাঁর স্বামী আলফ্রেডের বলে শনাক্ত করেন। মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে লাশটি স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আলফ্রেডের দুই হাত ও পা বাঁধা ছিল। তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও গাড়ির চাবি পাওয়া যায়। তবে মানিব্যাগ বা সঙ্গে থাকা কোনো টাকা ও পয়সা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আলফ্রেড তেজগাঁও থেকে নিখোঁজ হন। তাই এ ঘটনায় হত্যা মামলাটি ওই থানায়ই করা হবে।