অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর মরিচ্যা তল্লাশিচৌকিতে গতকাল সোমবার ভোরে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে বিজিবি।
বিজিবির সুবেদার ফেরদৌস মোল্লা জানান, গতকাল ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা তল্লাশিচৌকিতে শীতাতপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটি থামানো হয়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগীর আসনের নিচ থেকে পলিথিন মোড়ানো ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক শফিউল আলম (৩২) এবং একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা পরিচালিত হাসপাতালের নার্স শিখা রানী দাশকে (৪০) আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, অ্যাম্বুলেন্সটি উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। আটক করা ৫০ হাজার ইয়াবা বড়ির দাম দেড় কোটি টাকা।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আটক দুজনকে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি জানান, অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, কক্সবাজারের ‘সাইফুল কমিউনিটি সেন্টার অ্যাম্বুলেন্স সার্ভিস’ লেখা মাইক্রোবাসটি ভাড়া নিয়েছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। সংস্থাটি উখিয়ায় একটি হাসপাতাল পরিচালনা করে। হাসপাতালে ভর্তি মুমূর্ষু রোগীদের ওই অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার ও চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হতো।
অ্যাম্বুলেন্সের মালিক সাইফুল ইসলাম বলেন, মাসিক ৯০ হাজার টাকায় তিনি এক বছরের জন্য অ্যাম্বুলেন্সটি ওই দাতব্য সংস্থাকে ভাড়া দিয়েছেন। অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার হলে তাঁর করার কিছু নেই। তিনি জানান, তিনি অ্যাম্বুলেন্সের চালককে নিয়োগ দিয়েছেন। তাঁর বেতনও দেন তিনি।
দাতব্য সংস্থা পরিচালিত হাসপাতালের সমন্বয়ক জানান, তাঁরা মঙ্গলবার (আজ) এ ব্যাপারে কথা বলবেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।