অ্যাম্বুলেন্সে ৬৪ কেজি গাঁজা!
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬৪ কেজি গাঁজা ভর্তি একটি অ্যাম্বুলেন্স আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্বরোড মোড় হাইওয়ে থানার পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
পুলিশ জানায়, সকালে হাইওয়ে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে টহল দিচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক না থেমে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ অ্যাম্বুলেন্সটি ধাওয়া করে। প্রায় চার কিলোমিটার যাওয়ার পর অ্যাম্বুলেন্সটি সরাইল উপজেলার বেড়তলা এলাকায় মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তবে অ্যাম্বুলেন্সের চালক ও এক আরোহী পালিয়ে যান। পরে পুলিশ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, হাইওয়ে থানার এএসআই আবদুল মোতালিব বাদী হয়ে আজ বেলা আড়াইটায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।