অ্যাম্বুলেন্সে ফেনসিডিল
এক নারীকে প্রসূতি সাজিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে আসছিল অ্যাম্বুলেন্সটি। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় এলে অ্যাম্বুলেন্সটিকে থামানোর নির্দেশ দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। অ্যাম্বুলেন্সটি সেই নির্দেশনা অমান্য করে কিছুদূর চলে যায়। পরে সিআইডির সদস্যরা অ্যাম্বুলেন্সটি আটক করে দেখেন, তাতে বস্তাভর্তি ফেনসিডিলের বোতল।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। সিআইডি সাজানো প্রসূতি রেবেকা, গাড়ির চালক মামুন ও তাঁদের সঙ্গে থাকা বাদশা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ফেনসিডিলের চালানের মূল গ্রাহক মিজানকে।
সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এহসান উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাঁরা অভিযানটি পরিচালনা করেন। অ্যাম্বুলেন্সটিতে বস্তাভর্তি এক হাজার বোতল ফেনসিডিল ছিল। এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা করা হয়েছে।