অ্যাম্বুলেন্সে মদ, ছাত্রলীগের দুই কর্মীসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ ছাত্রকে হাসপাতালে নেওয়ার কথা বলে গত সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় অ্যাম্বুলেন্স। সেই গাড়িতে চার বোতল বিদেশি মদ পেয়েছে পুলিশ। এ ঘটনায় আটক হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী ও অ্যাম্বুলেন্সটির চালক।

 ছাত্রলীগের আটক দুই কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র কামরুজ্জামান সনি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র স্বাগত বিশ্বাস। দুজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিউর রহমান আবাসিক হলে থাকেন। অপরজন হলেন অ্যাম্বুলেন্সটির চালক মিজানুর রহমান।

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় প্রথম আলোকে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় তাঁদের আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ বলছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। তখন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অ্যাম্বুলেন্সটিতে এ সময় ওই তিনজনই ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘এক ছাত্রের অসুস্থতার কথা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অ্যাম্বুলেন্সটি বের করা হয়। পরে আমি শুনেছি, ওই অ্যাম্বুলেন্স থেকে মদসহ তিনজনকে আটক করা হয়েছে।’ তিনি জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল হোসেন। কমিটির অনুসন্ধানের ভিত্তিতে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ দোষী হলে
তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।