অ্যালুমিনিয়াম কারখানায় তালা দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে মালিকপক্ষ। সন্ত্রাসীরা কারখানার প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করা হয়।
মুরাদপুর এলাকার আজমির অ্যালুমিনিয়ামের মালিকপক্ষ গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মোহাম্মদ ইব্রাহিম। তিনি আজমির অ্যালুমিনিয়ামের মালিকদের একজন।
মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেন, গত ৭ ফেব্রুয়ারি শ্রমিকসংক্রান্ত তুচ্ছ ঘটনার জের ধরে ভাড়াটে সন্ত্রাসীরা কারখানায় হামলা করে। এ ঘটনায় পরদিন পাঁচলাইশ থানায় জিডি করা হয়। কিন্তু জিডি তুলে নিতে তাঁকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা ৩ আগস্ট কারখানার মালিকদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই দিনই সন্ত্রাসীরা কারখানায় তালা ঝুলিয়ে দেয়। এ ছাড়া কারখানা থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের নির্দেশে এসব কাজ করে সন্ত্রাসীরা।
তবে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে। আমি কিংবা ছাত্রলীগের কেউ তাঁদের কাছে কোনো চাঁদা দাবি করিনি।’
কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাকে দুই অ্যালুমিনিয়াম ব্যবসায়ীর বিরোধ বলে দাবি করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তারপরও বিষয়টি মীমাংসা হয়নি। আরেক দফা বৈঠকে বসব। মীমাংসা না হলে বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হবে।’