অ্যাসিড ছুড়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাদ্রাসাছাত্রী ফারজানা আক্তার ওরফে হ্যাপির ওপর অ্যাসিড নিক্ষেপ ও হত্যা মামলায় সাদ্দাম হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত এ মামলার আরও ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন। সাদ্দাম হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দাউদকান্দির জামালকান্দি গ্রামের সাদ্দাম হোসেন পাশের সোনাকান্দা গ্রামের নবম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। সাদ্দাম ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। ফারজানা ওই প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে। এরপর কয়েকজন সহযোগী নিয়ে ২০১২ সালের ১১ নভেম্বর রাতে ফারজানার বাড়িতে গিয়ে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন সাদ্দাম। এতে ফারজানা, তার বড় বোনের ছেলে ফয়সাল মাহমুদ ও কাজের মেয়ে খাদিজা আক্তার অ্যাসিডে দগ্ধ হয়। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। ফয়সাল ও খাদিজা চিকিত্সা নিয়ে বাড়ি ফেরে। কিন্তু ফারজানার মাথা, মুখমণ্ডল ও বুক ঝলসে যাওয়ায় সে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিল। এ ঘটনায় ওই বছরের ১২ নভেম্বর ফারজানার বাবা জালাল উদ্দিন সরকার বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেন। মামলায় সাদ্দাম হোসেনসহ সাতজনকে আসামি করা হয়। এ ঘটনার পর ৩ ডিসেম্বর চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় মারা যায় ফারজানা।

মামলার বাদী জালাল উদ্দিন সরকার বলেন, ‘এ রায়ে আমি সন্তুষ্ট নই। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’

মামলার রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সাধারণ সম্পাদক রোকেয়া বেগম বলেন, একজনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। এখন মৃত্যুদণ্ড কার্যকর হলেই সমাজে এ ধরনের অপরাধ প্রবণতা কমবে।