অ্যাসিড ঝলসে দেওয়ায় দুজনের কারাদণ্ড
গোপালগঞ্জে কলেজছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার দায়ে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
এই দুজন হলেন রথিন ঘোষ ও অসীম রায়। এর মধ্যে রথিনকে ১৪ বছর এবং অসীমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আদালত জরিমানার অর্থ আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন।
অসীম রায় কারাগারে থাকলেও রথিন ঘোষ পলাতক আছেন। স্বর্ণ ব্যবসায়ী অসীমের কাছ থেকে অ্যাসিড সংগ্রহ করা হয়েছিল।
মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুবাস বাগচীর মেয়ে কলেজছাত্রী আঁখি বাগচীকে ২০১৫ সালের ৯মে রাতে অ্যাসিড ছুড়ে ঝলসে দেয় একই এলাকার রথিন ঘোষ ও তাঁর বন্ধু অসীম রায়। অ্যাসিড সন্ত্রাসের শিকার ওই কলেজছাত্রী তখন সদর উপজেলার কৃষ্ণপুর সপ্তপল্লী মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
এ ঘটনার পর আঁখির বাবা সুবাস বাগচী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় রথিন ঘোষকে প্রধান আসামি করে এবং তার বাবা সুধাংশু ঘোষ, মা সাবিত্রী ঘোষসহ তিনজনকে আসামি করা হয়। পরে পুলিশ তদন্ত করে রথিনের বন্ধু অসীম রায় নামের এক তরুণকে অপরাধের সঙ্গে যুক্ত থাকার অপরাধে আসামি করে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুল হালিম শেখ প্রথম আলোকে বলেন, আদালত রায়ে রথিন ও তাঁর বন্ধু অসীমকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিলেও রথিনের বাবা সুধাংশু ঘোষ ও মা সাবিত্রীকে বেকসুর খালাস দিয়েছেন।