অ্যাসিড নিক্ষেপের মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি পরিবারকে অ্যাসিড নিক্ষেপের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সিরাজগঞ্জে সংবাদ সম্মেলনে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামের শাহীন আলম এ অভিযোগ করেন।

সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে শাহীন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ওই গ্রামের একরামুল হকের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৯ সেপ্টেম্বর একরামুল হকের স্ত্রী আম্বিয়া খাতুন নিজেই তাঁর পিঠে অ্যাসিড ঢেলে আক্রান্ত হন। পরে শাহীন আলম ও তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, ‘জমি-সংক্রান্ত ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’