অ্যাসিড মেশানো পানি খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
বরগুনার তালতলী উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী জোর করে অ্যাসিড-মিশ্রিত পানি পান করিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তালতলী থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে নিহত গৃহবধূ মরিয়ম বেগমের (২২) স্বামী ফরিদ উদ্দীনকে (২৮) গ্রেপ্তার করেছে।
পরিবারের অভিযোগ, উপজেলার মোয়াপাড়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগমকে বৃহস্পতিবার সকালে তাঁর স্বামী ফরিদ হোসেন ও শ্বশুরবাড়ির লোকজন মিলে নির্যাতনের পর তাঁকে সৌরবিদ্যুতের ব্যাটারিতে ব্যবহার করা অ্যাসিড-মিশ্রিত পানি জোর করে খাইয়ে দেন। এতে মরিয়ম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর বাবার বাড়ির লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে তিনি মারা যান।
মরিয়মের বাবা কুদ্দুস মোল্লা বলেন, ২০০৮ সালে তালতলীর হরিণখোলা গ্রামের মরিয়মের সঙ্গে পার্শ্ববর্তী মোয়াপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। চলতি বছর এপ্রিলে ফরিদ আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় মরিয়মের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত ২৯ জুন স্বামীর বিরুদ্ধে মরিয়ম আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে যৌতুক দাবির মামলা করেন।
ওই মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান জানান, ওই মামলায় ১৮ দিন হাজতবাসের পর ১১ আগস্ট জামিন পান ফরিদ।
মরিয়মের পরিবারের দাবি, জামিন পাওয়ার পর ফরিদ দুদিন মরিয়মকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালান। গত বৃহস্পতিবার সকালে মরিয়মকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে জোরপূর্বক অ্যাসিড খাইয়ে দেন।
পটুয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক জানান, গতকাল শুক্রবার দুপুরে ওই হাসপাতালে মরিয়মের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
তবে ফরিদ উদ্দিন স্ত্রীকে নির্যাতন ও অ্যাসিড খাইয়ে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, মরিয়ম বাড়ির লোকজনের অজান্তে আত্মহত্যার উদ্দেশ্যে পাইপ দিয়ে টেনে সৌরবিদ্যুতের ব্যাটারির অ্যাসিড-মিশ্রিত পানি পান করেন। তাঁকে কেউ জোর করে অ্যাসিড পান করাননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, এ ঘটনায় মরিয়মের বাবা কুদ্দুস মোল্লা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফরিদকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে।