অ্যাসিড মেশানো পানি পান করানো হয় তাঁকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন ধরে থেমে থেমে রক্তবমি হচ্ছে মো. জাহাঙ্গীরের। কথা বলতে পারছেন না তিনি। চিকিৎসকেরা বলেছেন, অ্যাসিড মেশানো পানি পান করানো হয়েছে তাঁকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর শয্যার পাশে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।
গত শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে একটি কেন্দ্রের বাইরে পানি খাওয়ানোর নাম করে জাহাঙ্গীরের মুখে ঢেলে দেওয়া হয় অ্যাসিড মেশানো পানি। সেদিন দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরার আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। নির্বাচনী সহিংসতা না ব্যক্তিগত শত্রুতার কারণে এই বর্বরতার শিকার হয়েছেন, সে বিষয়ে তাঁর পরিবারও নিশ্চিত করে এখনো কিছু বলতে পারছে না। তাঁর বাড়ি পশ্চিম শাকপুরা গ্রামে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন মো. জাহাঙ্গীর। গতকাল বুধবার ওয়ার্ডের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার দিলীপ চৌধুরী প্রথম আলোকে বলেন, অ্যাসিড পানের কারণে জাহাঙ্গীরের খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জাহাঙ্গীরের স্ত্রী হোসনে আরা গতকাল হাসপাতালে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী ভোট দিতে কেন্দ্রে যান। সেখানে প্রতিপক্ষের লোকজন তাঁকে অ্যাসিড মেশানো পানি খেতে বাধ্য করেন। প্রতিপক্ষের লোকজন কারা, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার স্বামী নৌকার লোক ছিলেন। আজগর নামের একজন মেম্বার (সদস্য) প্রার্থীর লোকজন তাঁকে অ্যাসিড খাইয়ে দেন বলে শুনেছি। আমার স্বামী সুস্থ না হওয়া পর্যন্ত সব লোকের পরিচয় জানা যাবে না।’
জাহাঙ্গীরকে নিজের কর্মী বলে দাবি করেছেন শাকপুরা ইউনিয়নের আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মান্নান। তিনি বলেন, ‘কোনো এক মেম্বার প্রার্থীর সমর্থকেরা জাহাঙ্গীরকে অ্যাসিড মিশিয়ে পানি খাইয়েছিল বলে আমি শুনেছি। জাহাঙ্গীরের পরিবার আজগর নামের যে মেম্বারের কথা বলেছেন, তিনি বিএনপি করেন। বিস্তারিত না জেনে আমার কিছু বলা ঠিক হবে না।’
অবশ্য শাকপুরার ১ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত নবনির্বাচিত ইউপি সদস্য আজগর হোসেন প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীরকে অ্যাসিড খাওয়ানোর ঘটনা বর্বরতা ছাড়া আর কিছু নয়। আমাকে অনেকে ভোট দিয়েছেন। আমার কোনো সমর্থক তাঁকে অ্যাসিড খাইয়েছেন, তা তদন্ত করে পুলিশের বের করা উচিত। প্রয়োজনে আসামিকে রিমান্ডে নেওয়া হোক।’
পাহাড়ে গাছ কেটে তা বিক্রি করে সংসার চালাতেন জাহাঙ্গীর। তাঁর স্ত্রী হোসনে আরা বলেন, স্বামী হাসপাতালে থাকায় গত কয়েক দিন ধরে কষ্টে দিন কাটছে তাঁদের। পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে তিনি হাসপাতালে থাকছেন। গ্রামে তাঁর মেয়ে ও শাশুড়ি রয়েছেন। পাঁচজনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী। চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি হিমশিম খাচ্ছেন। এখন লোকজনের কাছ থেকে ধারকর্জ করে চিকিৎসার খরচ চালানো হচ্ছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন চৌধুরী বলেন, শাকপুরা এলাকায় ভোটের দিন সমস্যা হয়েছিল। কিন্তু জাহাঙ্গীরকে অ্যাসিড মেশানো পানি খাওয়ানোর বিষয়ে কেউ পুলিশকে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।