অ্যাসিড-সন্ত্রাসের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন
এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তারের ওপর অ্যাসিড-সন্ত্রাসের প্রতিবাদে এবং আসামি গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার হবিগঞ্জ শহরে মানববন্ধন ও পথসভা করেছে প্রথম আলো বন্ধুসভা।
সভায় বক্তারা বলেন, কাপুরুষেরা অ্যাসিড ছোড়ে। মানুষ কখনো এ জঘন্য কাজ করে না। অপরাধীদের আইনের আওতায় না আনলে এ অপরাধ দিন দিন বাড়বেই। তাই অ্যাসিড-সন্ত্রাস নির্মূলে সব শ্রেণির মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
পথসভায় বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক আশিষ সানি, পাপড়ি সরকার, দিনা আক্তার, আফরোজ আহমেদ, শাহ জালাল উদ্দিন প্রমুখ। বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডে এ মানববন্ধন ও পথসভায় বন্ধুসভার সদস্যরা ছাড়াও বৃন্দাবন সরকারি কলেজ ও শচীন্দ্র ডিগ্রি কলেজের অনেক শিক্ষার্থী অংশ নেন।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার তাহমিনা আক্তারের (১৬) বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে। সে গত বুধবার রাত একটার দিকে পড়াশোনা শেষ করে নিজ কক্ষে ঘুমাতে যায়। ঘরটির দরজা কৌশলে খুলে দু-তিনজন দুর্বৃত্ত তার ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে অ্যাসিডে তাহমিনার মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। তাহমিনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।