অ্যাসিডদগ্ধ গৃহবধূকে বগুড়া হাসপাতালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে অ্যাসিড নিক্ষেপে ঝলসে যাওয়া খালেদা পারভীনকে (২৬) উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ছাড়া অ্যাসিড নিক্ষেপের ঘটনায় খালেদা পারভীন গত বৃহস্পতিবার রাতে বাদী হয়ে তাঁর শ্বশুরবাড়ির দুজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় খালেদা পারভীন শাজাহানপুর উপজেলার মাসিন্দা গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৭) ও শেরপুর পৌর শহরের টাউন কলোনির বাসিন্দা মামা শ্বশুর মো. শাহীনকে (৪৫) আসামি করেছেন।
স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছর খানেক ধরে শেরপুর পৌর শহরের টাউন কলোনি পাড়ায় বাবার বাড়িতে বসবাসরত খালেদা পারভীনের ওপর বৃহস্পতিবার ভোররাতে ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে তাঁর বাঁ পা ঝলসে যায়।