অ্যাসিডদগ্ধ নারীর গাভি 'ছিনতাই', পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার এক নারীর পুনর্বাসনে প্রথম আলোর দেওয়া গাভি তাঁর স্বামী ছিনিয়ে নিয়ে বিক্রি করে ফেলেন। এর এক দিন পর পুলিশ গাভিটি উদ্ধার করে ওই নারীকে ফেরত দিয়েছে।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার উলফাতুন বেগমের মা শামসুন নাহার (৭৬) জানান, ২০০১ সালে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে উলফাতুন বেগম ঝলসে যায়। সমাজের মানুষ তাঁদের দূরে ঠেলে দেয়। এ সময় উলফাতুনের স্বামী আমিনুল তাঁকে ছেড়ে পালান। সেই সময় প্রথম আলো মেয়ের পাশে দাঁড়ায়। উলফাতুনের সন্তানদের স্কুলে ভর্তি করে লেখাপড়ার খরচ দেয়। ২০০৭ সালে একটি গাভি দেয়। সাত বছরে গাভিটি ছয়টি বাচ্চা দিয়েছে। প্রতিদিন তিন কেজি করে দুধ দেয়। তিনি জানান, গত সোমবার সকালে উলফাতুন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। এই সুযোগে আমিনুল এসে জোর করে ওই গাভি ও এর একটি বাছুর নিয়ে চলে যান। তিনি বিষয়টি প্রথম আলোর দিনাজপুর অফিসে জানান। প্রথম আলোর পক্ষ থেকে বিষয়টি দিনাজপুরের পুলিশ সুপারকে জানানো হয়।
পুলিশ সুপার রুহুল আমিন জানান, তিনি তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উলফাতুনের অভিযোগ মামলা হিসেবে নিয়ে আমিনুলকে গ্রেপ্তার এবং গাভি ও বাছুরটি উদ্ধারের নির্দেশ দেন।
ফুলবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে উলফাতুন বেগম মামলার এজাহার জমা দিয়ে থানা থেকে বের হন। রাস্তায় আমিনুল তাঁর পথ আটকে ধরে অভিযোগ তুলে নিতে বলেন। এতে রাজি না হওয়ায় আমিনুল সেখানেই উলফাতুনকে মারপিট করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমিনুলকে আটক করা হয়। পরে আলাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেলাল হোসেন থানায় এসে আমিনুলকে ছাড়াতে উলফাতুনকে ভয়ভীতি দেখান।
এ ব্যাপারে আমিনুল ইসলাম বলেন, ইউপি সদস্য বেলাল হোসেন তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকায় গাভি ও বাছুরটি কিনে নিয়েছেন।
বিষয়টি প্রথম আলোর পক্ষ থেকে আবার পুলিশ সুপারকে জানানো হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে ওসি ওই ইউপি সদস্য বেলাল হোসেনকে গ্রেপ্তারের ভয় দেখান। ভয় পেয়ে বেলাল হোসেন এক ঘণ্টার মধ্যে গাভিসহ বাছুরটি থানায় হাজির করেন।
ওসি রেজাউল ইসলাম আরও বলেন, ‘ভবিষ্যতে আর কোনোভাবেই উলফাতুনকে নির্যাতন ও হয়রানি করবে না, ভয় দেখাবে না এবং গরু বিক্রির চেষ্টা করবে না’ মর্মে মুচলেকা নিয়ে আমিনুলকে ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকায় ইউপি সদস্য বেলাল হোসেন স্বাক্ষর করেছেন। পরে সন্ধ্যায় উলফাতুনের হাতে ওই গাভি ও বাছুর তুলে দেওয়া হয়।
উলফাতুন বেগম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দুই বছর আগে দুটি এঁড়ে বাছুর ৩৫ হাজার টাকায় বিক্রি করার খবর পেয়ে আমিনুল বাড়িতে এসে তাঁকে মারপিট করে অর্ধেক টাকা নিয়ে যান। আমিনুল বগুড়ার সান্তাহার শহরে গিয়ে ইসমত আরা নামের এক মেয়েকে (তৃতীয় স্ত্রী) বিয়ে করেন। গত বছর ফেব্রুয়ারি মাসেও আমিনুল উলফাতুনের বাড়ি এসে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিতে পারায় ওই গাভিটি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে আমিনুল তাঁকে মারপিট করে হাত ভেঙে ফেলেন। এ ঘটনায় উলফাতুন আমিনুলের বিরুদ্ধে ওই সময়ও থানায় মামলা করেন।