অ্যাসিডে খেতের ধান নষ্ট করার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান গ্রামের এক কৃষকের ধানের খেত অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষক মাসুম রেজা ওরফে চান মিয়া কালিয়াকৈর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের ২৮ শতাংশ জমির মালিক মরহুম সিরাজ উদ্দিনের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে আনোয়ার ফিশারিজ অ্যান্ড পোলট্রি লিমিটেড নামের একটি কোম্পানি ওই জমি নিজেদের দাবি করে আসছে। প্রতিষ্ঠানটি সিরাজ উদ্দিনের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে তঁাদের হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সিরাজ উদ্দিনের ছেলে চান মিয়া ২০১৪ সালে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। এবার ইরি মৌসুমে ওই জমিতে সিরাজ উদ্দিনের ওয়ারিশরা ধান রোপণ করেন। রোপণ করা ধানে থোড় এসেছে। কয়েক দিন পর ধান বের হয়ে তা পরিপক্ব হবে। কিন্তু আনোয়ার ফিশারিজ কোম্পানির লোকজন গত ২৭ ফেব্রুয়ারি রাতে ওই জমিতে রোপণ করা ধানে অ্যাসিড–জাতীয় দ্রব্য ছিটিয়ে দেয়। এতে ধানের থোড় পুড়ে যায়। এ ঘটনায় ২ মার্চ চান মিয়া কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরিফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই জমির ধান কারা ক্ষতিগ্রস্ত করেছে তা আমরা জানি না। তা ছাড়া আমরা ভুয়া দলিলের মাধ্যমে ওই জমি ক্রয় করিনি। ওই জমিটা আমরা কিনেছি, ওরাও কিনেছে। ওদেরকে জমির কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছিল। কিন্তু তারা না বসে আমাদের নামে মামলা করেছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে।’
কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে দেখা গেছে, আগাছানাশক রসায়নিক ব্যবহার করে ওই খেতের ধানের চারা পুড়িয়ে দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, কারা ওই জমির ধানের চারার ক্ষতি করেছে, বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।