অ্যাসিডে ঝলসে গেল ছাত্রীর মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে এক কলেজছাত্রীর মুখমণ্ডল ঝলসে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার ওই ছাত্রীর নাম মল্লিকা চক্রবর্তী (১৯)। বাড়ি ধামরাইয়ের টোপেরবাড়ি গ্রামে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ইতিহাসের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, মল্লিকা গত সোমবার রাত আটটার দিকে পানি আনতে বাড়ির উঠানে টিউবওয়েলে যান। এ সময় এক দুর্বৃত্ত তাঁর মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
জানতে চাইলে মল্লিকার বাবা স্বপন চক্রবর্তী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘কারা আমার মেয়ের মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দিয়েছে, এই মুহূর্তে তাঁদের বিষয়ে কিছু বল সম্ভব নয়, মেয়ে সুস্থ হলে সব জানাব।’
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন গতকাল বিকেলে বলেন, অ্যাসিডে মল্লিকার মুখমণ্ডলের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কারা অ্যাসিড মেরেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।