অ্যাসিডে ঝলসে গেল ছাত্রীর মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মুখ। ওই ছাত্রী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার পুলিশ আশরাফুল নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আশরাফুল এ ঘটনা ঘটিয়েছেন। ওই ছাত্রীর পরিবার জানায়, গতকাল রাতে ওই ছাত্রী ঘরে বসে পড়াশোনা করছিল। রাত সাড়ে ১০টার দিকে খোলা জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারলে ওই ছাত্রী দগ্ধ হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ এনে আশরাফুল নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেন। পরে আজ সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে আশরাফুলকে কারাগারে পাঠায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজমল হোসেন প্রথম আলোকে বলেন, অ্যাসিডে ওই ছাত্রীর কপালের ওপরে ও গালের ডান দিকে ও কানের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে ছাত্রী আশঙ্কামুক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী অভিযোগ করে, আশরাফুল তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করায় আশরাফুল এ ঘটনা ঘটিয়েছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ তথ্যের ভিত্তিতে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে।