অ্যাসিডে ঝলসে গেলেন মা-মেয়ে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামে মা ও মেয়ের ওপর গত শনিবার রাতে অ্যাসিড হামলা চালানো হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
অ্যাসিডদগ্ধরা হলেন বালসাবাড়ি গ্রামের কৃষক বেলাল হোসেনের স্ত্রী হনুফা খাতুন (৩৮) ও তাঁদের মেয়ে বেলী খাতুন (১২)। রাতেই দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল রোববার তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. ফরিদুল ইসলাম জানান, হনুফার শরীরের ২৫ শতাংশ ঝলসে গেছে। আর তাঁর মেয়ের হাতও ঝলসে গেছে।
বেলাল হোসেন জানান, শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর স্ত্রী ও মেয়ের ওপর অ্যাসিড হামলা চালানো হয়। এদিন রাতে তিনি বাড়িতে ছিলেন না। তিনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে প্রায় ২০ বছর ধরে একই গ্রামের সাখাওয়াতের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছে। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠকও হয়। কিন্তু কোনো লাভ হয়নি। তাঁর অভিযোগ, কিছুদিন আগে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে এবং বসতভিটা থেকে তাঁকে উচ্ছেদের চেষ্টা চালায়। এবার তাঁর স্ত্রী ও মেয়ের ওপর অ্যাসিড হামলা চালানো হলো।
এ বিষয়ে সাখাওয়াতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।