অ্যাসিডে ঝলসে গেলেন স্কুলশিক্ষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে আসমা আক্তার (৩৪) নামের এক স্কুলশিক্ষিকার ওপর গত রোববার রাতে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর শরীরের ৪৫ ভাগ ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার আসমা ঝালকাঠির আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মী আবুল হোসেন তালুকদারের মেয়ে আসমা বাবার চাকরির সুবাদে নগরের বিআইপি কলোনির বাসায় থাকেন।
গতকাল দুপুরে হাসপাতালে আসমার সঙ্গে সাংবাদিকদের কথা হয়। এ সময় তিনি বলেন, ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটে চাকরিরত মো. মাসুদ আলমের সঙ্গে ২০০২ সালে তাঁর বিয়ে হয়। বিয়ের নয় বছর পর ২০১১ সালে তাঁর স্বামী কািজর মাধ্যমে একটি ভুয়া তালাকনামা পাঠান। এ ঘটনায় তিনি পারিবারিক আদালতে একটি মামলা করেন। ওই মামলার শুনানি ছিল গত ২৫ আগস্ট। সেদিন আদালতে বসেই তাঁকে হুমকি-ধমকি দেন মাসুদ। পরে বিভিন্ন সময় মুঠোফোনেও হুমকি দেন তিনি।
আসমার ভাষ্য, রোববার দিবাগত রাত দুইটার দিকে বিআইপি কলোনির এফ-১/৮ ভবনের নিচতলায় তাঁদের বাসার জানালা দিয়ে তাঁকে কে বা কারা দাহ্য পদার্থ নিক্ষেপ করে। তাঁর ধারণা, তাঁর স্বামীই এ ঘটনা ঘটিয়েছেন।
আসমা আক্তারের ছোট বোন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক সুমি আক্তার বলেন, স্বামীর ভুয়া তালাকের বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেছেন আসমা। গতকাল ওই মামলার ধার্য তারিখ ছিল। এর আগেই অ্যাসিডে ঝলসে দেওয়া হলো তাঁর বোনকে।
অ্যাসিডে আসমার শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে বলে জানান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মো. আজম।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আসমার স্বামী মো. মাসুদ আলমকে গতকাল দুপুরে বরিশাল নগর থেকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।