অ্যাসিডে ঝলসে দেওয়া হলো তরুণীর শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অ্যাসিড ছুড়ে এক তরুণীর শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার আশ্বিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই তরুণীর নাম সীমা আক্তার (২২)। তিনি উপজেলার আশ্বিনপুর গ্রামের মো. ইসমাইল বৈদ্যের ময়ে। পাঁচ বছর আগে সীমার সঙ্গে উপজেলার বাইশপুর গ্রামের মো. ইব্রাহীমের বিয়ে হয়। তাঁদের ঘরে জুনায়েদ নামের তিন বছরের এক ছেলে আছে। গত বছর স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। তখন থেকে সীমা বাবার বাড়িতে আছেন।
সীমার পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে সীমা তাঁর ছেলেকে নিয়ে একটি কক্ষে ঘুমান। পাশের কক্ষে ঘুমায় তাঁর ছোট ভাই। দিবাগত রাত আনুমানিক তিনটায় দুর্বৃত্তরা সিঁধ কেটে ওই কক্ষে ঢুকে সীমার মুখমণ্ডল, বুক, পাসহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিড দিয়ে ঝলসে দেয়। অ্যাসিডে তাঁর ছেলের হাত-পাও সামান্য ঝলসে যায়। সীমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে বুধবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সীমার নানা ও স্থানীয় নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশারফ হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, সীমার অবস্থা আশঙ্কাজনক।
সীমার বাবা মো. ইসমাইল বৈদ্য দাবি করেন, অ্যাসিড মেরে তাঁর মেয়ের শরীর ঝলসে দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। এ ব্যাপারে দু-এক দিনের মধ্যে থানায় মামলা করা হবে।