অ্যাসিড-পানিতে ফসল ও জমি নষ্ট হওয়ার অভিযোগ
প্যারাগন গ্রুপের বয়লার মুরগির উৎপাদনকেন্দ্রের বর্জ্য থেকে সৃষ্ট অ্যাসিড-পানিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০ একর জমির ধান ও জমি নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৮ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এলাকার অনেকে জানান, উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া, খুটাগছ ও নারায়ণগছ গ্রামের ৩০ জন কৃষক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের কাছে ওই অভিযোগ দেন। পরে এ ঘটনায় ৩ সেপ্টেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যন, নারী ভাইস চেয়ারম্যান ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন রেজাউল করিম। পরে ওই দিনই প্যারাগন গ্রুপের ব্যবস্থাপক মঈনুল হক অ্যাসিড-পানি আর ছড়াবেন না বলে আশ্বাস দিলেও এখনো তা বন্ধ হয়নি।
লিখিত অভিযোগে বলা হয়, ওই কারখানার বর্জ্য থেকে সৃষ্ট অ্যাসিড-পানি আশপাশে ছড়িয়ে পড়ে তেঁতুলিয়ার ওই ২০ একর জমির ধান ও জমি নষ্ট হয়েছে। এ ছাড়া এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
কৃষক বাবুল হোসেন জানান, তদন্ত কমিটি গঠন হলেও এখনো কেউ পরিদর্শনে আসেনি। তাঁর তিন একর জমির ধান মরে গেছে।
এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা জানান, শুধু ফসল নয় এই কোম্পানির বর্জ্যের দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু তদন্ত কমিটির আহ্বায়ক এখনো কোনো মিটিং ডাকেননি। তবে তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসাইন জানান, এলাকাবাসীর স্বার্থে তদন্তে দেরি করতে হচ্ছে, কারণ ক্ষতিগ্রস্ত এলাকা বাড়তে পারে।
এ ব্যাপারে প্যারাগন গ্রুপের ব্যবস্থাপক ও হ্যাচারি ইনচার্জ মঈনুল জানান, জমি অধিগ্রহণের অভিযোগটি মিথ্যা। তদন্ত কমিটি ক্ষতিপূরণের কথা বললে কোম্পানি ক্ষতিপূরণ দেবে।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম জানান, এ ঘটনায় ওই কোম্পানি ক্ষতিপূরণ দিতে চেয়েছেন।