অ্যাসিড-সন্ত্রাস পরীক্ষা শেষ করতে দিল না তাহমিনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অ্যাসিডদগ্ধ হবিগঞ্জের এসএসসি পরীক্ষার্থী তাহমিনাকে গতকাল দেখতে যান সাংসদ কেয়া চৌধুরী l ছবি: প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অ্যাসিডদগ্ধ হবিগঞ্জের এসএসসি পরীক্ষার্থী তাহমিনাকে গতকাল দেখতে যান সাংসদ কেয়া চৌধুরী l ছবি: প্রথম আলো

নয়টা পরীক্ষা শেষ। বাকি তিনটির একটি ইসলাম শিক্ষা পরীক্ষা হয়েছে গতকাল শুক্রবার। কিন্তু অ্যাসিড-সন্ত্রাসের শিকার হওয়ার কারণে গতকাল আর পরীক্ষা দিতে পারেনি তাহমিনা আক্তার (১৬)। এসএসসির এই পরীক্ষার্থী এখন যন্ত্রণায় কাতরাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে।
তাহমিনা অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িত হিসেবে দুজনের নাম বলেছে। তাঁদের মধ্যে তারাজ মিয়া (২৮) নামের এক অভিযুক্ত ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। তারাজের বাড়ি একই গ্রামে। তাহমিনার অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সুনামগঞ্জের হাবিব নামের মধ্য বয়সী এক ব্যক্তি ও তারাজ পরস্পর যোগসাজশে এ ঘটনা ঘটিয়েছেন।
তাহমিনা গত বুধবার রাতে নিজ বাড়িতে অ্যাসিড নিক্ষেপের শিকার হয়। ওই রাতেই তাকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরদিন ঢাকা মেডিকেলে আনা হয়।
গতকাল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তাহমিনার সঙ্গে কথা হয়। বাঁ চোখ খুলতে পারছিল না সে। ওই রাতের বর্ণনা দিতে গিয়ে তাহমিনা বলে, তখন রাত প্রায় দেড়টা। পড়া শেষ করে কেবল বাতি নিভিয়ে ঘুমাতে গেছে। হঠাৎ মুহূর্তের জন্য বাতিটা জ্বলে উঠেই নিভে গেল। আর তার মুখে তরল কিছু একটা পড়ল। সঙ্গে সঙ্গে তীব্র জ্বালাপোড়া শুরু হয়। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। এরপর আর কিছু মনে নেই। সে জানায়, কিছুদিন আগে হাবিব তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি হতে প্রতিবেশী তারাজ তাকে বেশ কয়েকবার বলেছেন। স্কুলে যাওয়া-আসার পথে একাধিকবার তাকে উত্ত্যক্তও করা হয়েছে। তার মনে হয়, তারাজই হাবিবের কথামতো ওই রাতে তাঁকে অ্যাসিড মেরেছেন।
তাহমিনার মা হাজেরা খাতুন বলেন, মেয়ের ঘর রান্নাঘরের লাগোয়া। ওই রাতে দুর্বৃত্তরা রান্নাঘরের দরজা ভেঙে তাঁর মেয়েকে অ্যাসিড মেরে পালিয়ে গেছে। মেয়ের চিৎকার শুনে তাঁরা ঘরে গিয়ে দেখেন, তাহমিনার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে।
গ্রামের লোকজন জানান, তাহমিনার বাবা আসকির মিয়া মারা গেছেন অনেক আগে। অভাব-অনটনের সংসারে একমাত্র বড় ভাই শাহজাহান আনসারে চাকরি করেন। তিনিও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা আমিন খান প্রথম আলোকে বলেন, তাহমিনার চোখেই সমস্যা বেশি। মুখ, ঘাড়, হাত ও শরীরের ৫-৬ শতাংশ ঝলসে গেছে।
গতকাল হাসপাতালে তাহমিনাকে দেখতে যান হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি জানান, সকালে প্রথম আলোয় তাহমিনার অ্যাসিডদগ্ধ হওয়ার খবর দেখে তখনই তিনি ছুটে এসেছেন। ঘটনা শুনে তাৎক্ষণিক হবিগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) ফোন করে ব্যবস্থা নিতে বলেন। পরে এসপি তাঁকে ফোনে জানান, অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহমিনার উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন সাংসদ কেয়া চৌধুরী।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন ওই ঘটনায় একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।