অ্যাসিড-সন্ত্রাসের শিকার কিশোরী সুলতানার মৃত্যু
বিয়েতে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদীতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার কিশোরী সুলতানা আক্তার (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
হাসপাতালের বার্ন ইউনিটে ১৫ দিন ভর্তি থাকার পর গত বুধবার রাতে সে মারা যায়। ওই কিশোরীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার চরমুগিরা গ্রামে। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সুজন ফকির (২০) অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে বলে সুলতানার পরিবার অভিযোগ করেছে।
পুলিশ জানায়, প্রতিবেশী লাভলী আক্তারের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলার চরমুগিরা গ্রামের মৃত সামছু বেপারির মেয়ে সুলতানা আক্তারের সঙ্গে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সুজন ফকিরের পরিচয় হয়। বেড়াতে যাওয়ার কথা বলে লাভলী আক্তার ও তার চাচাতো ভাই সুজন হাওলাদার ৭ অক্টোবর সকাল আটটার দিকে সুলতানাকে বাড়ি থেকে নিয়ে সুজন ফকিরের বাড়িতে আটকে রাখে। সেখানে সুলতানাকে সুজন ফকিরের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। রাজি না হলে তাকে মারধর এবং পরে তার মুখমণ্ডল ও শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিনই স্বজনেরা তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ১১ অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে সুলতানার মা ফাহিমা বিবি গৌরনদী থানায় মামলা করেন।
১৫ দিন হাসপাতালে যন্ত্রণায় ছটফট করে গত বুধবার রাতে সুলতানা মারা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। রাত ১০টার দিকে চরমুগিরা গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সুলতানার খালাতো বোন ফাতেমা আক্তার বলেন, ‘মারা যাওয়ার আগে সব ঘটনা সে আমাদের বলে গেছে। তার রেকর্ড আমরা পুলিশকে দিয়েছি। পাষণ্ডরা তাকে অনেক নির্যাতন করেছে। পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার না করতে পারায় আমরা শঙ্কিত।’
ফাহিমা বিবি বলেন, ‘পাষণ্ডরা কেন আমার মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে মেরে ফেলল? আমি ঘাতকদের ফাঁসি চাই।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় যে মামলাটি করা হয়েছে, সেটি এখন হত্যা মামলায় পরিণত করা হবে। চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির জবানবন্দি নেওয়া হয়েছে। আসািমরা ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।