অ্যাসিড-সন্ত্রাসের শিকার গৃহবধূ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন সুমতি রানী দাস (৩৫) নামের এক গৃহবধূ। অ্যাসিডে তাঁর শরীর ও মুখ ঝলসে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার বক্তারপুর এলাকায়।
পারিবারিক কলহের জের ধরে সুমতির স্বামী কমল চন্দ্র দাস তাঁকে অ্যাসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সুমতির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে উপজেলার তুমলিয়া ইউনিয়নের ভাইয়াসূতি গ্রামের মৃত সচীন্দ্র চন্দ্র দাসের মেয়ে সুমতি রানী দাসের সঙ্গে একই উপজেলার বক্তারপুর গ্রামের কমল চন্দ্র দাসের বিয়ে হয়। প্রায় আড়াই বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে পাঁচ মাস আগে ওই দম্পতি দেশে ফেরেন। একপর্যায়ে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে।
সুমতি ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, দাম্পত্য কলহের জের ধরে রোববার ঘুমন্ত থাকা অবস্থায় সুমতিকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে কমল। সুমতির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে কমল পালিয়ে যায়। সুমতিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
গতকাল সোমবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সুমতি জানান, সম্প্রতি তাঁর ছোট ছেলে দুর্ঘটনার শিকার হলে তিনি স্বামীর কাছে চিকিৎসার টাকা চাইতে যান। এ সময় কমল তাঁকে টাকা না দিয়ে বকাবকি করে।
সুমতি অভিযোগ করেন, তাঁদের সম্পর্কের অবনতি ঘটার পর কমল তাঁকে অ্যাসিডে ঝলসে দেওয়া ও হত্যার হুমকি দেয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় তিনি অভিযোগও করেছিলেন। কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমী জানান, অ্যাসিডে মেয়েটির (সুমতি) পেট, মুখ ও বুক দগ্ধ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়েছে।
মুঠোফোনের সংযোগ বন্ধ থাকায় অভিযোগের ব্যাপারে সুমতির স্বামী কমল চন্দ্রের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।