ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ওই গৃহবধূর নাম তানিয়া বেগম (৩০)। তিনি শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার শেখ নজরুল ইসলামের (৪০) স্ত্রী। তানিয়া শহরের কাজীপাড়া মহল্লার সৈয়দবাড়ির মৃত সালাহ উদ্দিন আহমেদের মেয়ে। অবস্থা গুরুতর হওয়ায় বুধবার দিবাগত রাতে তানিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর প্রথমে তানিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফায়েজুর রহমান বুধবার রাতে প্রথম আলোকে বলেন, তানিয়ার মুখের বাঁ পাশ, কানের নিচের অংশ, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে পুড়ে গেছে। তাঁর শরীরের প্রায় ২৫ শতাংশ ঝলসে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে তানিয়া বলেন, বুধবার সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়িতে ফেরেন তিনি। ছেলে (৭) ও মেয়েকে (৬) নাশতা দিয়ে রাত সাড়ে নয়টার দিকে এশার নামাজের জন্য অজু করে তিনি নিজ ঘরে আসেন। একপর্যায়ে পেছন থেকে তাঁকে কে যেন অ্যাসিড ছুড়ে মারে। পরে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীসহ বাড়িতে থাকা তাঁর জায়েরা এগিয়ে এসে তাঁর শরীরে পানি ঢালা শুরু করেন।
তানিয়া অভিযোগ করেন, ‘আমার স্বামী ছাড়া বাইরের কেউ এ কাজ করার সাহস পাবে না। আমার স্বামীই আমার ওপর অ্যাসিড ছুড়ে মারছে।’
নজরুল ইসলামের মামাতো ভাই তুষার রহমান ও তাঁর স্ত্রী নিলা বেগম বলেন, চিৎকার শুনে তাঁরা দ্রুত তানিয়ার ঘরে ছুটে যান। তখন গৃহপরিচারিকারা তানিয়ার শরীরে পানি ঢালছিল। নজরুল মানসিকভাবে সুস্থ নয় বলে তাঁরা দাবি করেন।
নিলা বেগম বলেন, ‘তানিয়া গোসলখানায় পড়ে ছিলেন। আমার কাছে কাপড় চাইলে তাঁকে ঢাকতে বিছানা থেকে ওড়না আনতে যাই। সেই ওড়নার অ্যাসিডে আমার ডান হাতের কনুই ঝলসে গেছে। তানিয়াকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাসিডে তুষারের ডান হাতের কবজির সামান্য অংশ ঝলসে যায়।’
তানিয়ার শ্বশুরবাড়ির লোকজন বলেন, একটি বোতলে ভরে তানিয়াকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল। অ্যাসিড নিক্ষেপের পর রান্নাঘরের দ্বিতীয় তলা থেকে দুজন লোককে পালাতে দেখা গেছে। এ সময় একটি মুঠোফোন উদ্ধার করেন বাড়ির লোকজন।
তানিয়ার মামা গোলাম মহিউদ্দিন বলেন, তানিয়া ও নজরুলের ঝামেলা নিয়ে ২০ ফেব্রুয়ারি দক্ষিণ মৌড়াইলে তানিয়ার শ্বশুরবাড়িতে একটি সালিস হয়েছিল। সে সময় তানিয়ার শ্বশুর সিরাজুল ইসলাম অনুরোধ করে এক মাসের সময় চেয়ে নেন। সবকিছু ঠিক হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল দুই সহযোগী কামরুল ও রায়হানকে সঙ্গে নিয়ে তানিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তানিয়ার মামা মহিউদ্দিন মামলা করেছেন। নজরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।