অ্যাসেম্বলিতে সঠিক সারিতে না দাঁড়ানোয় ছাত্রকে লাথি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে অ্যাসেম্বলিতে সঠিক সারিতে না দাঁড়ানোয় সমিউল ইসলাম নামের এক ছাত্রকে লাথি মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার সমিউলের বাবা আবদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সমিউল উপজেলা সদরের প্রপার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার সকালে বিদ্যালয়ে অ্যাসেম্বলির সময় নবম শ্রেণির শিক্ষার্থীর উপস্থিতি কম দেখে সমিউল অষ্টম শ্রেণির সারিতে দাঁড়ায়। এ সময় বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আবদুল মাজেদ অন্য সারিতে দাঁড়ানোর অপরাধে তাকে লাথি মেরে ফেলে দেন।

আবদুর রহমান জানান, সমিউল অনেকটা শারীরিক প্রতিবন্ধী। তাকে লাথি মারায় পড়ে গিয়ে তার হাঁটুর নিচে কেটে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক ছাত্র ও অষ্টম শ্রেণির এক ছাত্র বলে, ‘সমিউলসহ আমরা একসঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম। এ সময় মাজেদ স্যার হঠাৎ এসে “তুই এই লাইনে কেন” বলে সমিউলের হাঁটুতে লাথি মারলে সে পড়ে যায়।’

অভিযোগ অস্বীকার করে আবদুল মাজেদ বলেন, ‘শনিবার এমন কোনো ঘটনা ঘটেনি। কীভাবে সে এমন অভিযোগ করল বুঝতে পারলাম না। আপনারা খোঁজ নিয়ে দেখেন বিষয়টি সত্য কি না। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধও নেই। এ ছাড়া সে আমার এক প্রতিবেশীর ছেলে।’

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রুবাইয়া বিনতে কবির হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার খাতা দেখে জানান, সমিউল নামের এক কিশোর হাঁটুতে আঘাতপ্রাপ্ত হওয়ায় গত শনিবার তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পর সোমবার (গতকাল) বিদ্যালয়ে গিয়ে প্রায় ৩০-৪০ জন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি। এরা এমন ঘটনার কথা কেউ জানে না বলে জানায়। এর পরও মঙ্গলবার (আজ) আমি অ্যাসেম্বলিতে উপস্থিত হয়ে খোঁজ নেব।’