আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোক দিবসের কর্মসূচি থেকে যাওয়ার পথে আজ শনিবার সন্ধ্যায় নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তেবাড়িয়া বাজারে ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ দুজনের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

নাটোর সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নাটোর স্টেশনবাজারের একতার মোড়ে যুবলীগের শোকসভা ছিল। স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সভা শেষ হওয়ার আগমুহূর্তে বাড়ি ফেরার পথে রেলগেট এলাকায় আওয়ামী লীগের কিছু সমর্থক এক বিএনপি সমর্থককে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রলীগের কর্মী রাজিব হোসেন (১৭) ও যুবলীগের কর্মী নাজমুল হোসেন (৩২)। রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মাথায় গুলি লেগেছে। আহত নাজমুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর পরই আওয়ামী লীগ সমর্থকেরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন পাটোয়ারি ও বিএনপি কর্মী জাবেদ আলীর বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেন। পরে তাঁরা তেবাড়িয়া বাজারের ছাগলপট্টির কিছু খড়ের দোকানে আগুন দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন ঘটনার পর সাংবাদিকদের বলেন, সংঘর্ষের কারণে শোকসভা ব্যাহত হয়নি। সাংসদ নির্বিঘ্নে সভা শেষ করে সেখান থেকে ফিরেছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান রাত সোয়া ৮টার দিকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আছে। কোনো পক্ষ থেকেই পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ করা হয়নি।