আ.লীগ কর্মীর এলোপাতাড়ি গুলি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাস্তা নির্মাণসংক্রান্ত বিরোধের জের ধরে আবদুস সালাম নামের স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী শটগানের এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার বিকেল পাঁচটার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবদুস সালামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কামালপুর বাজার থেকে পাশে বেলতলা এলাকায় একটি সরকারি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে রাস্তাটি বেলতলা এলাকায় স্থানীয় আবদুল করিমের বাড়িতে বাধা পায়। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে কামালপুর বাজারে করিমের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। করিম আবদুস সালামের আত্মীয় হোন। খবর পেয়ে আবদুস সালাম তাঁর শটগান নিয়ে বিকেলে বাজারে যান। সেখানে ওই রাস্তার বিষয়টি নিয়ে বাজারের লোকজনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই আওয়ামী লীগ কর্মী উত্তেজিত হয়ে শটগানের গুলি ছোড়েন। এলোপাতাড়ি গুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিরা হলেন হামিদুল ইসলাম (৪৫), সাদ্দাম হোসেন (৩২), মরজেম আলী (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার রহমান (৪৮), দুলাল হোসেন (৫০), ফরিদুল ইসলাম (৩৮), সুজন আলী (২৮), খবির উদ্দীন (৪৬), রাসেল আহমেদ (২২), শহিদুল ইসলাম (৪০), লিটন হোসেন (২২), হাসান জর্দার (৪০), রবিউল ইসলাম (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল আলী (৫০), মন্টু মিয়া (৪৮), হাসান আলী (৫০) ও মুন্তাজ (৩৮)।
পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ লালু প্রথম আলোকে বলেন, আবদুস সালাম আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি আওয়ামী লীগের কর্মী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর প্রথম আলোকে বলেন, আবদুস সালামের শটগানের ছোড়া গুলিতে সাত-আটজন গুলিবিদ্ধ হয়েছেন। সালামকে শটগানসহ আটক করা হয়েছে।